সাইবার সুরক্ষা আইন সংশোধনে ৬ সদস্যের কমিটি, সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন ডেক্স:
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-র খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত সুপারিশ প্রণয়নের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার।
মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিটি। প্রয়োজনে কমিটি কো-অপ্ট সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা আয়োজন করবে।
এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২৯ জুন ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।