নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর ফলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে স্পিকারের পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, তিনি স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নিয়েছিলেন। একইভাবে ডেপুটি স্পিকারও দায়িত্ব গ্রহণের সময় এমন শপথ নিয়েছেন, যাতে স্পিকারের অনুপস্থিতি বা দায়িত্ব পালনে অক্ষমতার ক্ষেত্রে তিনি স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন।
সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের পদ শূন্য হলে, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে অথবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার স্পিকারের সব দায়িত্ব পালন করবেন। আর ডেপুটি স্পিকারের পদও শূন্য থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কোনো সংসদ সদস্য এ দায়িত্ব পালন করবেন।
সে অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিট থেকে ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন শুরু করেন।