জাতীয়

নেদারল্যান্ডসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসনে সহযোগিতা চাইল ঢাকা

নেদারল্যান্ডসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসনে সহযোগিতা চাইল ঢাকা

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং ক্রমবর্ধমান হারে ভিসা আবেদন প্রত্যাখ্যানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ সমস্যা সমাধানে ডাচ সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন, যাতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন।
শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং বদ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ড. খলিলুর রহমান বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত জটিলতার বিষয়টিও তুলে ধরে এ বিষয়ে বিদ্যমান ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানান।
জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বাংলাদেশের নতুন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভিসাসহ উত্থাপিত বিষয়গুলো সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে ইতিবাচকভাবে পর্যালোচনার আশ্বাস দেন।
ম্যানিলায় টিএসির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ফাঁকেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।