জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকায় পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা বলয়।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।