জাতীয়

রংপুরে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন মির্জা ফখরুল

রংপুরে উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করলেন মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি:

গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি। সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী সফরে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলা-২০২৬-এর শুভ সূচনা এবং বিভিন্ন কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করেন।

সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে মন্ত্রী তারাগঞ্জ পল্লী একাডেমি পরিদর্শন করেন। সেখানে চলমান প্রশিক্ষণ ও পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রংপুরে এসে বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

এরপর তিনি পল্লী মেলা-২০২৬ উদ্বোধন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। প্রদর্শিত পণ্য ও উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং গ্রামীণ উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হলো দক্ষ মানবসম্পদ, সমবায়ভিত্তিক উদ্যোগ এবং আত্মকর্মসংস্থান। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সরকারি ঋণ ও প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফুল, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের হাতে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক তুলে দেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং উৎপাদনশীল খাতে ঋণ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী সফরে মন্ত্রীকে স্বাগত জানাতে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, উদ্যোক্তা ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিআরডিবির নতুন বিভাগীয় কার্যালয় চালুর মাধ্যমে রংপুর বিভাগে পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।