খাগড়াছড়ি প্রতিনিধি:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ি পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি শেষে খাগড়াছড়ি পৌর প্রশাসকের কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপিও প্রদান করেন আয়োজকরা।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, তরুণ-যুব এবং সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে উল্লেখ করেন।
এ সময় বক্তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি ভর্তুকি প্রদান, ইউনিয়ন পর্যায়ে সৌরবিদ্যুৎ বিষয়ে কারিগরি সহায়তা নিশ্চিত করা, দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে কার্যকর নীতি গ্রহণ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক ও কর প্রত্যাহার।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে পৌরসভার মালিকানাধীন সরকারি ভবনের ছাদ, খালি জমি ও অন্যান্য অব্যবহৃত স্থান জরিপ করে সেখানে রুফটপ সৌরবিদ্যুৎ ও অন্যান্য সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য স্থানগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রণয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, কেন্দ্রীয় সরকারের নীতিগত সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়িত হলে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়বে, বিদ্যুৎ ব্যয় কমবে, পরিবেশ সংরক্ষণ সহজ হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
কর্মসূচিতে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি অরুণ কান্তি চাকমা, সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।