পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২৭ জুলাই এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, ততদিন পর্যন্ত কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া প্রয়োজনবোধে চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বগুড়ার সন্তান অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি তিনি ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিলের মাটির শ্রেণিবিভাগ বিষয়ে গবেষণা সম্পন্ন করে ২০১৭ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি চলনবিলের মাটির ব্যবস্থাপনা বিষয়ে একটি গবেষণাগ্রন্থও রচনা করেছেন।
অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন। পেশাজীবী সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া পবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া পরিষদের যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলে তার কর্মজীবনের পরিচিতিতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন এবং জুলাই আন্দোলনেও সামনের সারিতে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ! এটি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাহমুদ এ নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন।