সাহিত্য

আবদুল গফুর চৌধুরীর জীবন নিয়ে আসছে নতুন গ্রন্থ

আবদুল গফুর চৌধুরীর জীবন নিয়ে আসছে নতুন গ্রন্থ

টেকনাফ প্রতিনিধি:

প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের সাবেক সংসদ সদস্য ও জননেতা আলহাজ আবদুল গফুর চৌধুরীর জীবন, রাজনৈতিক দর্শন, জনসেবা এবং কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গ্রন্থ ‘আলহাজ আবদুল গফুর চৌধুরীর জীবন কথা’।

গ্রন্থটির রচয়িতা বহু গ্রন্থের লেখক, বিশিষ্ট কবি ও শিক্ষক এম এরশাদুর রহমান। বইটির প্রচ্ছদে জাতীয় সংসদ ভবনের পটভূমিতে আলহাজ আবদুল গফুর চৌধুরীর প্রতিকৃতি স্থান পেয়েছে। প্রচ্ছদে তাঁকে ‘একজন জননেতা, সমাজসেবক ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লেখক জানান, গ্রন্থটিতে আলহাজ আবদুল গফুর চৌধুরীর রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, নেতৃত্বের দর্শন এবং দেশ ও মানুষের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উক্তিও বইটিতে সংযোজন করা হয়েছে।

গ্রন্থের পেছনের প্রচ্ছদে স্থান পাওয়া বাণীগুলোতে রাজনীতিকে ক্ষমতার মাধ্যম নয়, মানুষের সেবা ও দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে দেখার আহ্বান, সততা, নিষ্ঠা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার গুরুত্ব এবং সাধারণ মানুষের কল্যাণকে উন্নয়নের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

লেখক এম এরশাদুর রহমান বলেন, নতুন প্রজন্মের কাছে আলহাজ আবদুল গফুর চৌধুরীর জীবনাদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যেই বইটি রচনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আলহাজ আবদুল গফুর চৌধুরীর জীবনসংগ্রাম, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক অবদান এবং মানবকল্যাণে নিবেদিত কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত এ গ্রন্থ পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করবে এবং একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে।