জাতীয়

একযোগে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

একযোগে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক:


সরকার একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে অনেকেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পদাধিকারবলে তারা ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ও কারচুপির অভিযোগ উঠেছিল। বিরোধী দলগুলো অভিযোগ করেছিল, ভোটের একটি বড় অংশ আগের রাতেই সম্পন্ন হয়েছিল। সেই নির্বাচন দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এর আগে সরকার পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের মধ্যেও অনেকেই ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হলেও তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ এই প্রজ্ঞাপনের মাধ্যমে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হলো।