নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান লেকের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। এ সময় তিনি লেককে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশান লেক ও মহাখালীর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ইউআরপি ভবন এলাকায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়া রাজউকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর সংলগ্ন গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সেখানে স্থাপিতব্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গুলশান-২-এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও ঘুরে দেখেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত রাখা শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, নাগরিকদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরিদর্শনের দ্বিতীয় পর্যায়ে প্রতিমন্ত্রী মহাখালীস্থ রাজউকের ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবা প্রদানে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, "একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে রাজউককে আরও দক্ষ, স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।"
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গুলশান লেকের পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকবান্ধব অবকাঠামো উন্নয়নে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।