চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর ও এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি সাহিদুজ্জামান টরিক বলেন, ব্যবসায়ীদের শিল্পভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জেলা থেকে বেকারত্ব দূর করতে সহায়ক হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি অ্যাডভোকেট এম. এম. শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিদুজ্জামান টরিক।
প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান টরিক বলেন, চুয়াডাঙ্গা চেম্বারের মর্যাদা ও অবস্থান আরও বৃদ্ধি করতে হলে ব্যবসায়ীদের ব্যবসার পরিধি বাড়াতে হবে। শিল্পভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যবসার প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এমন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যার মাধ্যমে চুয়াডাঙ্গায় ব্যবসা করে সারা দেশে পরিচিতি অর্জন করা যায়। এ ক্ষেত্রে চুয়াডাঙ্গা চেম্বার অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি নবনির্বাচিত পরিচালকদের উদ্দেশে বলেন, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচিতি সারা দেশে রয়েছে। নিজেদের ব্যবসার মাধ্যমে এ পরিচিতি আরও বাড়াতে হবে। নতুন কমিটিতে অনেক বড় ব্যবসায়ী রয়েছেন। তাঁরা নিজ নিজ ব্যবসার প্রসার ও শিল্পভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলাকে বেকারত্বের হার থেকে মুক্ত করতে ভূমিকা রাখতে পারেন।
সাহিদুজ্জামান টরিক আরও বলেন, তিনি আশা করেন চুয়াডাঙ্গা একটি ব্যবসাবান্ধব জেলায় পরিণত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং চুয়াডাঙ্গা চেম্বার ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা করবেন। তিনি বলেন, শুধু ব্যবসায়ীদের নয়, অতীতের মতো ভবিষ্যতেও জেলার মানুষের পাশে থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু এবং চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ইয়াকুব হোসেন মালিক।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি অ্যাডভোকেট এম. এম. শাহজাহান মুকুল। এ সময় তিনি বিজয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য এম. এম. মনোয়ার হোসেন সুরুজ এবং আপিল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেন সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক এবং সহসভাপতি সেলিম আহমেদ।
পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেন মো. আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, এস. এম. তসলিম আরিফ বাবু, তাজুল ইসলাম তাজু, এনামুল হক শাহ মুকুল, নাসির আহাদ জোয়ার্দ্দার, এ. কে. এম. সালাউদ্দিন মিঠু, হারুন অর রশিদ, পবিত্র কুমার আগরওয়ালা, সুরেশ কুমার আগরওয়ালা, মফিজুর রহমান মনা, শফিকুল ইসলাম পিটু, রাহিনুর ইসলাম হিমালয়, একরামুল হক, পলাশ কুমার সাহা ও অপু কুমার সাধুখা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা বোর্ড চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী গত ১৮ জুলাই নির্বাচনের দিন নির্ধারিত ছিল। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা বোর্ড দাখিলকৃত সব প্রার্থীকে বৈধ ও বিজয়ী ঘোষণা করে।