জাতীয়

রায়পুরায় গুলিতে একজন নিহত, আহত ৩

রায়পুরায় গুলিতে একজন নিহত, আহত ৩

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় সংসদ সদস্য এর আগে দুই পক্ষের বিরোধ মীমাংসাও করেছিলেন। পরে আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এরই জের ধরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেন মিয়ার মাথা ও পায়ে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা গণমাধ্যমকে জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়। তখন তার শরীরে পালস ও রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।