বাণিজ্য

টানা তৃতীয়বার দপ্তর সম্পাদক সজল

টানা তৃতীয়বার দপ্তর সম্পাদক সজল

চুনারুঘাট প্রতিনিধি :

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন চুনারুঘাটের সন্তান শফিকুল ইসলাম সজল। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনহার আহমদ সমশাদ পেয়েছেন ৬১১ ভোট।

শফিকুল ইসলাম সজল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত ছুরুক আলী সাহেবের সন্তান। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার দপ্তর সম্পাদক হিসেবে বিগত সময়ে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ভোটারদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলে সংগঠনসংশ্লিষ্টরা জানিয়েছেন। নীরব কর্মযজ্ঞ, সুশৃঙ্খল দাপ্তরিক পরিচালনা এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁকে সংগঠনের সদস্যদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

শফিকুল ইসলাম সজল মনে করেন, সাংগঠনিক পদ মর্যাদার নয়, সেবার; নেতৃত্ব ক্ষমতার নয়, দায়িত্বের। এ বিশ্বাস থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আসছেন।

সংগঠনের নিয়মিত বিনামূল্যের চিকিৎসা শিবিরসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন এবং নিজ জন্মভূমির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকেন।

টানা তৃতীয়বার দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করায় তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সব ভোটারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।