নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক কনটেন্ট তৈরির আহ্বান জানান।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নান্দাইলে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে একটি অসাধু চক্র এর অপব্যবহার করে গুজব ও অপতথ্য ছড়িয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এ কারণে তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সত্য প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তরুণদের মেধাকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে ইতিবাচক, সৃজনশীল ও সচেতনতামূলক কনটেন্ট তৈরিতে কাজে লাগাতে হবে।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতি, অপপ্রচার মোকাবিলা এবং সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী মাদকবিরোধী প্রচারণা, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ইতিবাচক কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলার ৪৬ জন কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। তাঁদের মধ্যে বিলাল হোসেন, খায়রুল ইসলাম, আল মামুন, আবদুস সামাদ, মো. আসাদ, মো. সুমন ও শুভ আহাম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রউফ বলেন, প্রতিমন্ত্রীর এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের দিকনির্দেশনা তরুণদের আরও দায়িত্বশীল ও গঠনমূলক কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।
সভায় অংশগ্রহণকারী তরুণরা তাঁদের কাজের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে তরুণদের মেধা বিকাশ ও ইতিবাচক উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ভিডিও নির্মাতা, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।