জাতীয়

নানা কর্মসূচিতে শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচিতে শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, শেরপুর:


নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শেরপুর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী দলের প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে শেরপুরের উন্নয়ন ও জেলার মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সব ধরনের বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শেরপুর শহরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শোভাযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।