সারাদেশ

ডাকসু সংগ্রহশালা থেকে রাজুর সরঞ্জাম সরানোর অভিযোগ

ডাকসু সংগ্রহশালা থেকে রাজুর সরঞ্জাম সরানোর অভিযোগ

জিন্নাহর ছবি রাখার বিতর্কের মধ্যেই তিন বাম ছাত্রসংগঠনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে ছাত্র ইউনিয়নের নেতা শহীদ মইন হোসেন রাজুর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সরিয়ে ফেলার অভিযোগ তুলেছে বামপন্থি তিন ছাত্রসংগঠন। একই সঙ্গে ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘বিকৃতভাবে উপস্থাপনের’ অভিযোগও করেছে তারা।
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সোমবার এ অভিযোগ তোলা হয়।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডাকসু ভবনের পাদদেশে মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও জাসদ ছাত্রলীগ। মানববন্ধনে বক্তারা সংগ্রহশালার আগের ও বর্তমান উপকরণের তালিকা প্রকাশের দাবি জানান।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদান অস্বীকার করার সুযোগ নেই। ইতিহাসে তার ভূমিকা যথাযথ মর্যাদা পাওয়াই প্রত্যাশিত।
শহীদ মইন হোসেন রাজুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৎকালীন ছাত্রলীগ ও ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্রনেতাদের নিয়ে মিছিল করার সময় রাজু শহীদ হন। সংগ্রহশালায় তার ব্যবহৃত ব্যাগ, রং-তুলি ও ডায়েরি ছিল। ডায়েরিতে তিনি প্রতিদিনের বিভিন্ন ঘটনা ও কবিতা লিখতেন। তবে এসব সামগ্রী বর্তমানে সেখানে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনি সংগ্রহশালায় আগে থাকা সব উপকরণ ও স্থিরচিত্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে আগের তালিকার সঙ্গে বর্তমান তালনা করে কোন উপকরণ সংযোজন ও কোনগুলো সরানো হয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান।
বাহাউদ্দীন শুভ আরও অভিযোগ করেন, ইতিহাসকে বিকৃত করে নতুন কিছু বিষয় সংগ্রহশালায় যুক্ত করা হয়েছে। সেগুলো দ্রুত অপসারণেরও দাবি জানান তিনি। ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘মব ভায়োলেন্স’ হিসেবে উপস্থাপনেরও সমালোচনা করেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ অভিযোগ করেন, সংগ্রহশালা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে তার জায়গায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি দীর্ঘদিনের। ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনে তারা অংশ নিয়েছিলেন বলেও জানান তিনি।
মুক্তা বাড়ৈ বলেন, সংগ্রহশালায় জিন্নাহর যে ছবি প্রদর্শন করা হয়েছে, সেটি তাৎপর্যপূর্ণ। কারণ ওই ছবিটি বাংলাকে ঘিরে জিন্নাহর রাষ্ট্রভাষা-সংক্রান্ত বক্তব্যের সময়কার বলে তিনি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধন শেষে ডাকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তিন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জিন্নাহর ছবি প্রদর্শন এবং সংগ্রহশালা থেকে ঐতিহাসিক উপকরণ সরানোর অভিযোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।