নিখোঁজ রিশা হুসাইন প্রখ্যাত সংবাদমাধ্যম ‘টিভি৯ ভারতবৰ্ষ’-এর সাংবাদিক। তাঁর বাড়ি ভারতের রাজস্থানের জয়পুরে।
যেভাবে নিখোঁজের সূত্রপাত:
পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর নয়াদিল্লি থেকে সৌদি আরবে যান রিশা। তিনি শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য। ওমরাহ করতে গিয়ে মক্কা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তাঁর শেষ পোস্টটি ছিল মক্কা ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোলা একটি ভিডিও, যেখানে গ্র্যান্ড মসজিদের কাছের পটভূমিতে একটি উর্দু নাশিদ যুক্ত ছিল।
রিশার দিদি কাইনাত জাফরি জানান, ৩০ সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এক বন্ধুকে শেষ বার্তা পাঠান রিশা। সেই বার্তায় তিনি জানান যে তাঁকে আটক করা হচ্ছে এবং বিষয়টি যেন পরিবারকে জানানো হয়। এরপর থেকেই তাঁর সৌদি ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ রয়েছে এবং তাঁর কোনো খোঁজ মিলছে না।
সাংবাদিকতা ক্যারিয়ার:
রিশা হুসাইনের সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি জি নিউজ, এনডিটিভি এবং ফার্স্ট ইন্ডিয়া নিউজের মতো স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন। ফার্স্ট ইন্ডিয়া নিউজে তিনি সংবাদ উপস্থাপনার পাশাপাশি রিপোর্টিং ও কপি এডিটিংয়ের দায়িত্ব পালন করতেন। বর্তমানে তিনি ‘টিভি৯ ভারতবৰ্ষ’-এর ডিজিটাল বা সম্প্রচার বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন।
অনিশ্চয়তায় পরিবার:
রিশাকে ঠিক কী কারণে আটক করা হয়েছে বা তিনি আদৌ সৌদি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন কি না—তা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট সরকারি তথ্য বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বর্তমানে তার পরিবার ও সহকর্মীরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং তার দ্রুত সন্ধান পেতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।