ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা মো. আলীম প্রামাণিক (আব্দুল আলীম) পলাতক রয়েছেন। তিনি চর দুগালী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।
নিহত শিশুর মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী আলীম প্রামাণিক প্রায়ই তাকে শারীরিক নির্যাতন করতেন। সোমবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলীম তাকে মারতে উদ্যত হন। এ সময় তার হাতে থাকা লাঠির আঘাত মায়ের কোলে থাকা শিশু হালিমা খাতুনের শরীরে লাগে। এতে শিশুটি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।