সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর ‘কিউকে’ ও ‘হি-সে’ নামের পরিচিত হওয়ার অ্যাপের মাধ্যমে রকি নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ফ্রিল্যান্সার তৌহিদ হোসেনের। পরদিন ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দেখা করার কথা বলে তাঁকে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে ডেকে নেন রকি। সেখান থেকে কাছাকাছি একটি বাসায় নেওয়ার পর রকি, রনি ও আসিফসহ আগে থেকেই থাকা কয়েকজন তাঁকে আটকে মারধর করেন।
তদন্ত কর্মকর্তারা জানান, ভুক্তভোগীর মুঠোফোনে থাকা বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপ পরীক্ষা করে বিভিন্ন ব্যাংক হিসাবে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে থাকার বিষয়টি নিশ্চিত হন প্রতারকেরা। মারধর করে পরিবারের সদস্যদের না জানানোর শর্তে ব্যাংক অ্যাপের পিন নম্বর নিয়ে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে টাকা সরিয়ে এজেন্টের মাধ্যমে ক্যাশআউট করা হয়। সব টাকা নেওয়ার পর তাঁর স্ত্রীর কাছেও মুক্তিপণ দাবি করলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৩ নভেম্বর দুপুরে তৌহিদকে উদ্ধার করে ডিবি এবং এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়।
ডিবি জানায়, চার দিনে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও রনক হোসেন (১৮) গ্রেপ্তার হলেও হোতা রকি ও রনি পালিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদে আসিফ জানান, ৩ নভেম্বর মাদক সেবনের সময় পরিচয় হওয়ার পর রনির প্রস্তাবে বেশি আয়ের আশায় তিনি এই চক্রে যুক্ত হন। ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন জানান, চক্রটি এর আগে আরও চারটি ঘটনায় প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তথ্য মিলেছে এবং সামাজিক লজ্জায় অনেকে অভিযোগ না করায় প্রতারকেরা সুযোগ নিচ্ছে।



