রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

নেতাকর্মীরা ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব বা যেকোনো পাত্রে জমতে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে’ এ সময় ইসলাম স্বপন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে সাধারণ মানুষকেও অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমেই ডেঙ্গুর মতো মারাত্মক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।”

দেশব্যাপী যুবদলের এই সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় নেতারা।