মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন—এমন খবরকে অসত্য বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে ইশরাক হোসেনের পক্ষে তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
‘পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের কোনো প্রশ্নও ওঠে না।
এ ধরনের খবরের মাধ্যমে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় নিজ সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। ওই সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর প্রচারকে বিজ্ঞপ্তিতে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও দেশবাসীকে পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইশরাক হোসেনের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর অস্বীকার করা হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারের অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।




