জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, বর্তমানে বিএনপি সরকারে থাকলেও তারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। দলটি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে। পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা নিজেদের ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত ছিল, দেশের পরিবর্তন ও সংস্কারের কথা ভাবেনি, তারাই রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করেছে।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিএনপি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের আগেও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতা দেখা গেছে, এখনো তা অব্যাহত রয়েছে।
বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ভুল করেছিলেন, তার মূল্য বিএনপিকে দিতে হয়েছে। সেই ইতিহাস থেকে দলটির শিক্ষা নেওয়া উচিত।
এ সময় নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ এনসিপির অন্যান্য নেতাকর্মী।
পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন নাহিদ ইসলাম।




