রাজনীতি

হাদির উপর হা'ম লা কারীদের ধরিয়ে দিলেই অর্ধকোটি টাকা পুরস্কার

হাদির উপর হা'ম লা কারীদের ধরিয়ে দিলেই অর্ধকোটি টাকা পুরস্কার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং 'ইনকিলাব মঞ্চের' মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সরকারি এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, সরকার দ্রুততম সময়ের মধ্যে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। তিনি বলেন, “আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি তাদের ধরতে পারব।” একইসঙ্গে তিনি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়াও কামনা করেন।

আগামী জাতীয় নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে আগ্রহী সকল প্রার্থীকেই নিরাপত্তা দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানান, এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্রের লাইসেন্স দেওয়া হলেও, এখন থেকে যারা নির্বাচনে প্রার্থী হবেন, তারাও যদি আবেদন করেন, তবে তাদেরও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এছাড়াও, পূর্বে যেসব প্রার্থীর অস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলোও তাদের কাছে ফেরত দেওয়া হবে।

বৈঠকে উপদেষ্টা 'ফ্যাসিস্টদের' গ্রেফতারের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারিতে থেকে ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী অপরাধীর জামিন পাওয়া প্রসঙ্গে বলেন, আসামি গ্রেফতারের ক্ষমতা সরকারের হাতে থাকলেও জামিন দেওয়া বা না দেওয়ার ক্ষমতা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। তবে সরকার তাকে আবারও আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।