স্টাফ রিপোর্টার:
গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে তিন মাসব্যাপী কর্মসূচি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী তিন মাস অর্থাৎ মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং পাঁচ আগস্ট ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য দেন।
এ সময় খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, নায়েবে আমির ইউসুফ আশরাফ, এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আলী ওসমান, রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, মুফতি সরাফাত হোসাইন, তোফাজ্জল হোসেন মিয়াজী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ (হানজালা), ডাকসু ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবের প্রমুখ উপস্থিত ছিলেন।