বিশেষ সংবাদ

মহিলা মাদরাসা শিক্ষার্থীদের মাববন্ধন শিশু হত্যার বিচার দাবি

মহিলা মাদরাসা শিক্ষার্থীদের মাববন্ধন শিশু হত্যার বিচার দাবি

বাকৃবি প্রতিনিধি:

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে বিচার চেয়ে ও সচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার দাবি করেন।

রবিবার সকালে ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়ে স্থানীয় দুটি মহিলা মাদরাসার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।  

‘তা’লীমুন নিসা, মোমেনশাহী’ এবং ‘হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা নিকাব ও হিজাব পরিহিত অবস্থায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘চুপ থাকলে অন্যায় বাড়ে, প্রতিবাদ করলে বদলায় সমাজ’ ও ‘নারীর প্রতি সহিংসতা নয়, সম্মান ও সমতার সমাজ গড়ি’ ইত্যাদি লেখা ছিল। অন্য একটি ব্যানারে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্ষণের দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।

অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘Justice Delayed Justice Denied’, ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ এবং ‘ধর্ষকের বিচার হলে সমাজ নিরাপদ’ সহ বিভিন্ন স্লোগান দেখা যায়। এছাড়া একটি ব্যানারে ২০২৫ সালের প্রথম সাত মাসে ৩০৬ জন মেয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়।

সেখানে ইংরেজিতে লেখা ছিল ‘No More Silence Against Violence’ এবং ‘Enough Is Enough- Stop Brutality Against Women’।

মানববন্ধনে এক নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশুদের নিরাপদ শৈশব ও নারীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘তারা নিরাপদ ও স্বাধীন দেশ চান এবং রামিছা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

’ তালীমুন নিসার এক ছাত্রী তানজিলা আক্তার বলেন, ‘আমরা একটি সুস্থ রাষ্ট্র চাই, যেখানে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হবে।’