রবার্তো রিভেলিনো ৬০ বছরের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি
অনলাইন ডেক্স:
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ৫ মিনিটের সময় গোল পেয়ে উল্লাসে মেতেছিলেন তিনি। কিন্তু লাইনসম্যান অফসাইডের পতাকা তোলায় থেমে যায় উদযাপন।
তবে রেকর্ড ভাঙা-গড়া যে মেসির কাছে খুবই সহজ, তাকে থামানোর সাধ্য কার! কানসাস সিটি স্টেডিয়ামে গোল বাতিলের ১২ মিনিট পর গোল করে ছুঁলেন ৬০ বছরের এক পুরোনো রেকর্ড।
আলজেরিয়ার বিপক্ষে আজ ১৭ মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। গোলের পর এবার মেসিকে থামাবেন কে!
জাদুকরী এই গোলের আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের বিশ্বকাপে গোল হলো ১৪। যার মধ্যে পাঁচটিই করেছেন বক্সের বাইরে থেকে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টা জো নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, ১৯৬৬ থেকে শুরু করে বক্সের বাইরে থেকে ৫ গোল করার কীর্তি মেসির পাশাপাশি রয়েছে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর।
৬০ বছরের পুরোনো রেকর্ডের পাশাপাশি মেসি ১৬ জুন তারিখকেও এক বিন্দুতে মিলিয়েছেন।
২০০৬ সালের ১৬ জুন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তি গড়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। প্রতিপক্ষ ছিল সার্বিয়া ও মন্টেনেগ্রো।
২০ বছর পর আরেক ১৬ জুন আর্জেন্টিনার হয়ে বয়স্ক গোলদাতা বনে গেলেন।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গোলের সময় মেসির বয়স ৩৮ বছর ৩৫৭ দিন। বাংলাদেশ সময় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ১৭ জুন হলেও যুক্তরাষ্ট্রের হিসেবে ১৬ জুন হচ্ছে।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচে গোল করে দলকে এগিয়ে নিলেন মেসি।
প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ছিল ১-০ গোলে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। মেসি, রোনালদো প্রত্যেকেই আলাদা পাঁচ বিশ্বকাপে গোলের কীর্তি গড়েছেন।