মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
মুদি দোকানে করারোপ সরকারের ভুল সিদ্ধান্ত হবে
অলাইন ডেস্ক:
জনগণের দুঃখ-দুর্দশা লাঘব না করে মুদি দোকানকে করের আওতায় আনা সরকারের ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেছেন, সরকার দলীয় নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে দেশকে ঢেলে সাজাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে সরকার দলীয় চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এভাবে একটি দেশ চলতে পারে না।
তিনি বলেন, জাতীয় সংসদ হলো জনগণের স্বার্থ রক্ষার জায়গা। জনগণের কল্যাণে সরকার কী কী উদ্যোগ নিয়েছে তা নিয়ে জাতিকে সুসংবাদ দেবে। কিন্তু আমরা দেখছি দুইটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে জাতীয় সংসদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা শাখার উদ্যোগে মঙ্গলবার রাতে আনন্দবাজারস্থ আইএবি মিলনায়তনে দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহবাগ থানা সভাপতি আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুম, ঢাকা মহানগর দক্ষিণ অর্থ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন। দাওয়াতী সভায় নতুন সাথীদের মাঝে দাওয়াতী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নেতৃবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ওয়াদা পুরণের আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে জনপ্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণ ফের আন্দোলনের মাঠে ফিরে আসতে বাধ্য হবে।