‘আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’ রোজিনা
বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল রোববার (৫ জুলাই) শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানান তিনি।
তার কথায়, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও তিনি নানা ধরনের অসংগতি দেখেছেন বলে দাবি করেন। এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করে এই অভিনেত্রী। বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়।’
দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে যুক্ত থাকার পরও এখন নিজেকে অবমূল্যায়িত মনে হচ্ছে বলেও মন্তব্য করেন রোজিনা। তিনি বলেন, ‘শিল্পীদের প্রতি সম্মান ও ন্যায্যতা নিশ্চিত না হলে ভবিষ্যতে এফডিসির প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।’
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এরই মধ্যে একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত শিল্পী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোজিনার এই মন্তব্য প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে শিল্পী সমাজের বর্তমান বাস্তবতা নিয়ে গভীর উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন।