হাসনাতের উপস্থিতিতে এনসিপির পদযাত্রায় হাতাহাতি
অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রায় এ ঘটনা ঘটে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি এ জুলাই পদযাত্রা শুরু করেন।
জানা যায়, জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
তবে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোশারফ হোসেনসহ উপস্থিত অন্য নেতাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা আরও সতর্ক থাকব।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।