বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন এমবাপে
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন। তিনি সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ২০টি ফিফা বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত ২০ গোল করার কীর্তিও অর্জন করেছেন।
১০ জুলাই শুক্রবার (যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার) বোস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। পরে উসমান দেম্বেলে আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স। এই জয়ে সেমিফাইনালে উঠে যায় লে ব্লুজরা।
এই গোলের মাধ্যমে ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এমবাপের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০। ফলে তিনি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন।
চলতি বিশ্বকাপে এটি ছিল এমবাপের অষ্টম গোল। এর মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।
পরিসংখ্যান সংস্থা অপটা জোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি ম্যাচে জয়সূচক গোল করেছেন এমবাপে, যা ইতিহাসে যেকোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া তিনি ফ্রান্সের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০টি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার গোল ৬৪টি এবং অ্যাসিস্ট ৩৬টি।
এই হারের মধ্য দিয়ে মরক্কোর আরেকটি স্মরণীয় বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। অন্যদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী।