রাজনীতি

সঠিক প্রার্থী বাছাই করবেন জনগণ: হাফিজ ইব্রাহিম

সঠিক প্রার্থী বাছাই করবেন জনগণ: হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, সরকার মাত্র চার মাসের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কর্মসূচির ব্যবস্থা করেছে এবং এর সুফল মানুষ পাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়নে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনগণেরও সচেতন ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে হাফিজ ইব্রাহিম বলেন, সঠিক প্রার্থী বাছাই করার দায়িত্ব জনগণের। এলাকার ভালো-মন্দ সম্পর্কে স্থানীয় মানুষই সবচেয়ে ভালো জানেন। তাই যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনে জনগণকেই সচেতন সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেহেদী মাসুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।