রাজনীতি

নেত্রকোণায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিলের অভিযোগ

নেত্রকোণায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিলের অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি:

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেছেন।

এদিন সকাল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই পোস্টে দাবি করা হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভিডিওতে দেখা যায় বলে দাবি করা হয়েছে, ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘সেবা, শান্তি, প্রগতি—স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়া নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আসবে ফিরে বীরের বেশে, শেখ হাসিনা বাংলাদেশে’ এবং ‘নেত্রকোণার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “শুনেছি একটি মিছিল হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি খোঁজখবর নিচ্ছে। মিছিলটি কোথায় হয়েছে এবং এতে কারা অংশগ্রহণ করেছেন, তাদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তবে ঝটিকা মিছিলের বিষয়ে আরেফিন কায়সার শুভ বা সংশ্লিষ্ট সংগঠনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।