খেলা

ফুটবল খেলার পর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার পর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চরফ্যাশন  প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে লাবিব মাহমুদ খান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে চরফ্যাশন ডাকবাংলোর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি চরফ্যাশন বারের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের পর সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ডাকবাংলোর পুকুরে গোসল করতে নামে লাবিব। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাবিবকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তার উপস্থিতিতেই ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম জানান, বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলা শেষে কয়েকজন শিক্ষার্থী গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, সহপাঠী ও শিক্ষকদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।