গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং গৌরীপুর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উপজেলার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ক্রীড়া ও মাদক প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় গৌরীপুর উপজেলা পাবলিক হলে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন তালুকদার বলেন, দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জানান, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। কাবিখা ও টিআর প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্তদের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান তিনি। এছাড়া শিশুদের খেলাধুলার জন্য নিজস্ব অর্থায়নে গৌরীপুরে একটি পার্ক নির্মাণের ঘোষণা দেন। মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, গৌরীপুরবাসী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাঁর কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, যা গৌরীপুরবাসীর জন্যও গর্বের বিষয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. আব্দুর রহমান বাবুল, অ্যাডভোকেট আব্দুস ছোবান সুলতান, অ্যাডভোকেট মো. নুরুল হক, ভিপি শামসুল হক (শামসু), মো. শাহজাহান কবীর হিরা, যুবদল নেতা আতাউর রহমান তারা মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ এবং সঞ্চালনা করেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
উল্লেখ্য, গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ২০২৫ সালের ১৩ মে অনুমোদিত হয় এবং ২০ মে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।