কাপ্তাই প্রতিনিধি:
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘কাপ্তাই প্রেস ক্লাব’ গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
দৈনিক সমকাল ও দৈনিক পূর্বদেশ-এর সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সময় টিভি ও দৈনিক সংগ্রাম-এর কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলমকে সভাপতি এবং ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ-এর কাপ্তাই প্রতিনিধি রিপন মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কাপ্তাইয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার নানাবিধ সম্ভাবনা ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরার যৌথ প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং সহসভাপতি চাইথোয়াই মং মারমা। এ ছাড়া কাপ্তাইয়ের অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিক অর্ণব মল্লিক ও সাগর মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কাপ্তাই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা এবং কাপ্তাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক সম্ভাবনা ও অসংগতির দিকগুলো গণমাধ্যমে সফলভাবে তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।