বিশেষ সংবাদ

৩১ বছরের শিক্ষকতা শেষে অবসরে মনোজিৎ

৩১ বছরের শিক্ষকতা শেষে অবসরে মনোজিৎ

মধুখালী প্রতিনিধি:

দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ সহকারী শিক্ষক বাবু মনোজিৎ মজুমদার। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

৩০ জুলাই বিদ্যালয়ের মিলনায়তনে মনোজিৎ মজুমদারের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. হালিম মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মনোজিৎ মজুমদারের বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুশান্ত কুমার বিশ্বাস। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাচ্চু মোল্যা, মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

তিন দশকেরও বেশি সময় ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করে আসা এই শিক্ষককে বিদায় জানাতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, মনোজিৎ মজুমদার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও পথপ্রদর্শক। দীর্ঘ কর্মজীবনে তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অবসর বিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত মনোজিৎ মজুমদার তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “দীর্ঘ ৩১ বছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তাদের মানুষ করার চেষ্টা করেছি সবসময়। আজ বিদায়বেলায় সবার ভালোবাসায় আমি অভিভূত। জীবনের বাকি দিনগুলো যেন আমি ও আমার পরিবার সুস্থতার সঙ্গে কাটাতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহরাব হোসেন, মো. ইসলাম মোল্যা, বাবু উত্তম কুমার বিশ্বাস, বাবু অপূর্ব মণ্ডল, বাবু রাম মণ্ডল এবং সহকারী শিক্ষিকা সুরভী ও এ্যানী। এ ছাড়া বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীরা মনোজিৎ মজুমদারকে ফুলের মালা, ক্রেস্ট ও নানা উপহার দিয়ে সম্মাননা জানান। এ সময় উপস্থিত অনেকের চোখে বিদায়ের অশ্রু দেখা যায়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ কুমার বিশ্বাসের বিদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।