বিশেষ সংবাদ

চুয়েটে অর্ণব সাহার আত্মার শান্তি কামনায় প্রার্থনা

চুয়েটে অর্ণব সাহার আত্মার শান্তি কামনায় প্রার্থনা

চুয়েট প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করেছে চুয়েট পূজা উদযাপন পরিষদ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) তৃতীয় তলায় আয়োজিত এ প্রার্থনা সভায় শান্তি মন্ত্র পাঠ, স্তুতি ও নামকীর্তনের মাধ্যমে অর্ণব সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এছাড়া অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির, ড. নিপু কুমার দাস, ড. অশুতোষ সাহা, ড. সজল চন্দ্র বণিক, ড. প্রাসঞ্জিত দাস, ড. স্বপন কুমার রায়, শ্যামল আচার্য, সঞ্জয় দাস, প্রতীক চন্দ্র ঘোষ ও সমেন বৈরাগীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চুয়েট পূজা উদযাপন পরিষদের সভাপতি কাব্য প্রকাশ চক্রবর্ত্তী বলেন, তাঁর বন্ধু অর্ণব সাহার অকাল প্রয়াণের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। অর্ণব সাহার আত্মার শান্তি কামনায় গত ২৯ জুলাই প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে শান্তি মন্ত্র পাঠ, স্তুতি ও নামকীর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, অর্ণব সাহার নামে একটি যজ্ঞ বা পূজার আয়োজন করা গেলে হয়তো মানসিকভাবে আরও শান্তি পাওয়া যেত। তবে জায়গা ও সুযোগের অভাবে তা সম্ভব হয়নি। চুয়েট পূজা উদযাপন পরিষদ পরিবারের পক্ষ থেকে অর্ণব সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে।