রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বোয়ালমারীতে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নে বোয়ালমারীতে জামায়াতের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ছোলনা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে পথসভায় পরিণত হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

পথসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ২০২৪ সালের ১ আগস্ট তৎকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। পরবর্তী সময়ে ছাত্র-জনতা, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, “আমরা এ দেশের পরীক্ষিত দল। আমরা জীবন দিতে জানি, আমরা বুলেটের সামনে দাঁড়াতে জানি; কিন্তু আমরা আপস করিনি, ভবিষ্যতেও করব না, ইনশাআল্লাহ।”

বোয়ালমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন বলেন, দেশে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা না হলে সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে না। তাই অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা জামায়াতের শূরা সদস্য শহিদুল ইসলাম বলেন, যাদের নেতৃত্ব ও অংশগ্রহণে জুলাই আন্দোলন সফল হয়েছে, তাদের ওপর কোনো ধরনের নিপীড়ন বা আক্রমণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, “এভাবে আপনারা অত্যাচারী হয়ে উঠলে জনগণ আপনাদের ছাড়বে না। যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে, তারা মারা যায়নি; তারা আপনাদেরও দেশছাড়া করবে।”

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।