বিশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে ‘ক্লিন সানডে’

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে ‘ক্লিন সানডে’

ময়মনসিংহ প্রতিনিধি:

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সপ্তাহের প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের উদ্যোগে পরিচালিত এ ব্যতিক্রমী কর্মসূচি ইতোমধ্যে জেলার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ূন কবির সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন। এ ছাড়া জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ূন কবির সরকার বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—এটাই সবার প্রত্যাশা। পরিবেশ রক্ষায় সরকার দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করবে। এর মাধ্যমে সমাজে হারিয়ে যেতে বসা ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার মাধ্যমে আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।