বাগেরহাট প্রতিনিধি :
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্পাদক মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো ও মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
অভিযানে বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকা পর্যন্ত ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে করা হয় এবং বিভিন্ন স্থানের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়।
পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে যেন কোথাও মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মো. মাহবুবুর রহমান টুটুল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।