বিনোদন

বাংলাদেশ বেতারে নজরুলসংগীতে তালিকাভুক্ত সুপ্তা

বাংলাদেশ বেতারে নজরুলসংগীতে তালিকাভুক্ত সুপ্তা

কালীগঞ্জ  প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের অডিশনে নজরুলসংগীতে তালিকাভুক্ত হয়ে নতুন সাফল্য অর্জন করেছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় নিজেকে নিয়োজিত রাখা সুপ্তা সেন ঋতু নিয়মিত তালিম নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী তালিকাভুক্তির অডিশনে অংশ নিয়ে তিনি নজরুলসংগীতে চূড়ান্তভাবে নির্বাচিত হন। জাতীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ বেতারে সুযোগ পাওয়াকে তিনি তাঁর সংগীতজীবনের একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।

সুপ্তা সেন ঋতু কালীগঞ্জের নিজ গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকার আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি একই কলেজের নজরুলসংগীত বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

তিনি কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের প্রয়াত শ্যামল চন্দ্র সেন ও সবিতা সেনের কন্যা।

নিজের প্রতিক্রিয়ায় সুপ্তা সেন ঋতু বলেন, “ছোটবেলা থেকেই সংগীত আমার ভালোবাসা ও স্বপ্নের জায়গা। পরিবারের নিরবচ্ছিন্ন সহযোগিতা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং আমার গুরুমা, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ছন্দা চক্রবর্তীর কাছে নিষ্ঠার সঙ্গে তালিম নিয়ে সবার আশীর্বাদে আজ এই সুযোগ পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো গান পরিবেশন করে সংগীতে অবদান রাখতে চাই।”

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করেন, সুপ্তা সেন ঋতুর এ অর্জন কালীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এ সাফল্য নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীতচর্চায় আরও অনুপ্রাণিত করবে।

এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, সুপ্তা সেন ঋতু ভবিষ্যতে দেশ-বিদেশে কালীগঞ্জের নাম আরও উজ্জ্বল করবেন।