রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল

সাতক্ষীরা  প্রতিনিধি:

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের আমতলা গণমুখী মাঠে মিছিলপূর্ব সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।

গণমিছিলটি আমতলা গণমুখী মাঠ থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা গণমুখী মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

স্লোগানগুলোর মধ্যে ছিল, “গণভোটের রায়, বাস্তবায়ন করতে হবে”, “জুলাই সনদ, বাস্তবায়ন করতে হবে”, “ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশ চাই”, “দুর্নীতি ও দুঃশাসনের অবসান চাই” এবং “জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে”।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।