নারায়ণগঞ্জ প্রতিনিধি :
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মো. মাসুদুর রহমান গিয়াস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মাসুদুর রহমান গিয়াস বলেন, জনগণের মতামত ও গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. আবু সাঈদ মুন্না বলেন, দেশের মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে তিনি দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফতুল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার আদায় এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান।