বিশেষ সংবাদ

রাউজানে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

রাউজানে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ জাতীয় উদ্যোগের অংশ হিসেবে রাউজানে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটি। শনিবার (১ আগস্ট) রাউজানের ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

২০২৬ সালে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো, ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’। এরই ধারাবাহিকতায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ চন্দ সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহসম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহদপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া ও আশু বড়ুয়া, শ্মশানবিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া এবং কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুল প্রমুখ।

বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোপণ করা গাছের চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।