ঠাকুরগাঁও প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ডের জুলাই চত্বর থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে দলটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আরমগীর এবং সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমান, সদর সেক্রেটারি এস এম আদিউল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, দাবি বাস্তবায়নে জামায়াত ঘরে বসে থাকবে না। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা সরকারের প্রতি সতর্কবার্তা দেন।