বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে গণমিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। পথসভায় সিলেট জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম বিএনপির বিরুদ্ধে ভারতের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় আসাসহ দখলবাজি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারের প্রবাসী চত্বরে আয়োজিত পথসভাস্থলে গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, “ভারতের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে বিএনপি। আর তাই তারা দেশবাসীর উন্নয়নের চেয়ে ক্ষমতা দখলের পর থেকে দখলবাজি-চাঁদাবাজি আর ধর্ষণ করা নিয়ে ব্যস্ত রয়েছেন।”
তিনি আরও বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না করেই বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পথেই হাঁটছে। কিন্তু তারা জানে না, হাসিনা যত শক্তিশালী, বিএনপি তত শক্তিশালী নয়। তাই ভুলে যাবেন না, এ দেশের ছাত্র-জনতা চাইলে কী না করতে পারে?”
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফখরুল ইসলাম এবং বিশ্বনাথ পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি হোসাইন শাহ।
এ সময় গণমিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।