বিশেষ সংবাদ

জনআস্থায় আধুনিক পোনাবালিয়া গড়ার অঙ্গীকার

জনআস্থায় আধুনিক পোনাবালিয়া গড়ার অঙ্গীকার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জনগণের আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক, মানবিক ও ন্যায়ভিত্তিক পোনাবালিয়া ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ অঙ্গীকার করেন। এ সময় স্থানীয় সমাজসেবক মো. হানিফ শরীফের অর্থায়নে নির্মিত দুটি ইট সলিং রাস্তার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন করা রাস্তা দুটি হলো মধ্য দেউরী বাইতুল আকসা মসজিদ-সংলগ্ন রাস্তা এবং সাইক্লোন শেল্টার আল-মদিনা জামে মসজিদের সামনের ইট সলিং রাস্তা।

গণসংযোগ ও রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক নেতৃত্বই একটি এলাকার প্রকৃত অগ্রগতির ভিত্তি।

তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণ নিয়ে একটি শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক পোনাবালিয়া ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন আরও বলেন, জনগণের যেকোনো সমস্যা ও দুর্যোগে অতীতের মতো ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থাকবেন। মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই তাঁর অঙ্গীকার।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

গণসংযোগকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উষ্ণ অভ্যর্থনা এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে স্বাগত জানান। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অঙ্গীকারের প্রতি তাঁরা ইতিবাচক প্রত্যাশার কথাও জানান।

এদিকে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে ঘিরে ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।