বিশেষ সংবাদ

গাজীপুরে ৩৫ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

গাজীপুরে ৩৫ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নির্বাচিত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীদের অনেকে এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, বার-অ্যাট-ল এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপসচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোতালেব হোসেন, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এইচ. এম. শওকত ইমরান, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহমুদ সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিনিয়োগ। তাঁরা শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তাঁরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।