জাতীয়

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে ১০ জেলার এমপির দাবি

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে ১০ জেলার এমপির দাবি

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় সংসদে একের পর এক নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল খালেক সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করলে আলোচনায় অংশ নিয়ে আরও কয়েকজন এমপি একই ধরনের দাবি জানান।
আলোচনায় সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ, নাটোর, বাগেরহাট, শেরপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। এর মধ্যে ময়মনসিংহে আগে থেকেই দুটি বিশ্ববিদ্যালয় থাকলেও আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয়ের দাবি
সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করে মো. আব্দুল খালেক বলেন, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্য জেলায় যেতে হয়। জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে কম খরচে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে জেলার লবণাক্ততাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
যেসব জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবি
সিদ্ধান্ত প্রস্তাবটির ওপর মোট নয়জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দেন।
বিএনপির সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও তাঁর নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন।
মেহেরপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার নিজ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তাঁর মতে, এমন প্রতিষ্ঠান হলে কৃষিসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার সুযোগ বাড়বে।
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান বলেন, জেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপরও উপযুক্ত স্থানে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি দাবি করেন।
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি শিক্ষার বিস্তারের সঙ্গে অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা কমার বিষয়টিও তুলে ধরেন।
এ ছাড়া বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম বাগেরহাটে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানও নিজ জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই।
সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ের আইন হয়েছে আগেই
সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে।
তিনি জানান, ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে এবং ২০২৩ সালের ১৩ নভেম্বর আইনটি ৬২ নম্বর আইন হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়।
তবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগের কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। খুব শিগগিরই উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ কারণে সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য সংসদ সদস্য মো. আব্দুল খালেককে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
পরে প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়া হলে ‘না’ ভোট জয়যুক্ত হয়।