রাজনীতি

তেলের দাম বাড়িয়ে জনভোগান্তি মেনে নেওয়া হবে না: পরওয়ার

তেলের দাম বাড়িয়ে জনভোগান্তি মেনে নেওয়া হবে না: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :
 
ভর্তুকির বোঝা কমানোর অজুহাতে বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।

পরওয়ার বলেন, ‘রাষ্ট্র কোনো কোম্পানি নয় যে তা ব্যবসায়িক লাভ-লোকসানের হিসাব দিয়ে পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে।’

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষমতা ধরে রাখার স্বার্থে জনগণের ওপর চাপ সৃষ্টি করা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’

এ সময় গণভোটের রায় ও সংবিধান সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামায়াতকে মোকাবিলার চেষ্টা করে কোনো লাভ হবে না। অতীতেও যারা এ ধরনের চেষ্টা করেছে, তারাও সফল হয়নি।’